ফতুল্লার জামতলায় তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে তোশকে মোড়ানো অবস্থায় মোতালেব হোসেন নামে এক বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোতালেব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত ছলেমান মিয়ার ছেলে। তিনি ফতুল্লার সাজেদা মঞ্জিলে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং মাসদাইর বাজারে ‘সুমাইয়া টেলিকম অ্যান্ড বুক’ নামে একটি বিকাশ, ফ্লেক্সিলোড ও বইয়ের দোকানের মালিক ছিলেন।

নিহতের শ্যালক অবসরপ্রাপ্ত সার্জেন্ট এমডি কামাল জানান, গত ১ জুলাই সকাল ৮টার দিকে মোতালেব বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তোশকে মোড়ানো মরদেহটি শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াসিম খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মোতালেবকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার পর পরিচয় গোপন এবং মরদেহ গুমের উদ্দেশ্যে তোশকে মুড়িয়ে সড়কের পাশে ফেলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *