মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জে “সামাজিক অবক্ষয় রোধ ও করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা ১৫ মিনিটে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘জাগরণী ক্রীড়া চক্র’ এই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নারায়ণগঞ্জ জনাব তারেক আল মেহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব মোঃ হাসিনুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগরণী ক্রীড়া চক্রের সভাপতি জনাব এস. এম. শহীদুল ইসলাম। সাধারণ সম্পাদক জনাব মোঃ শওকত আলী খান জুময়াসহ স্থানীয় মসজিদ-মাদরাসা কমিটির সদস্যরা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, পঞ্চায়েত কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় দূরীকরণে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা হয়। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় করে সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এলাকায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারেক আল মেহেদী।
তিনি আরও বলেন, “পুলিশের নিয়মিত অভিযানের পাশাপাশি চিহ্নিত মাদক স্পটগুলোতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনারা তথ্য দিন—আমরা ব্যবস্থা নেব। আপনাদের সরবরাহকৃত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফতুল্লা থানার মাদক কারবারিদের আইনের আওতায় আনা হবে।”