মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়নের নূর মসজিদ রোড এলাকায় সাম্প্রতিক সময়ে মোবাইল চুরির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। প্রায় প্রতিরাতেই বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে করে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি, সংঘবদ্ধ একটি চোরচক্র গভীর রাতে বাসার ছাদ বেয়ে উঠে জানালা দিয়ে মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এলাকায় দুইজন পাহারাদার এবং অনেক বাসায় আলাদা দারোয়ান থাকা সত্ত্বেও এসব চুরির ঘটনা থামছে না।
ভুক্তভোগীরা জানান, রাতের বেলা পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগ নিয়ে চোরেরা অত্যন্ত কৌশলে জানালার ফাঁক দিয়ে মোবাইল নিয়ে যায়। অনেক ক্ষেত্রে চোরেরা ছাদ ব্যবহার করে এক বাসা থেকে আরেক বাসায় প্রবেশ করছে বলেও ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী আরও জানান, “আমরা তো ঘুমিয়ে থাকি—এই অবস্থায় চোরেরা যদি ঘরে ঢুকে আমাদের ক্ষতি করে, এমনকি হত্যা পর্যন্ত করতে পারে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।” এ ঘটনায় তারা গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন।
স্থানীয়দের প্রশ্ন, নিয়মিত পাহারা থাকা সত্ত্বেও কীভাবে চোরেরা এত সহজে বাসায় প্রবেশ করছে? পাহারাদারদের দায়িত্ব ও ভূমিকা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। অনেকেই মনে করছেন, এই চুরির সঙ্গে স্থানীয় কোনো অসাধু চক্র জড়িত থাকতে পারে এবং তাদের সহযোগিতা ছাড়া এমন ঘটনা ধারাবাহিকভাবে ঘটানো সম্ভব নয়।
এলাকাবাসীর ভাষ্যমতে, একটি চোরচক্রের “লিডার” রয়েছে, যার নেতৃত্বে পরিকল্পিতভাবে এসব চুরি সংঘটিত হচ্ছে। তবে এখনো পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে ফতুল্লা থানার দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। দ্রুত তদন্ত করে চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার, এবং তাদের পেছনে যারা সহযোগিতা করছে তাদেরকেও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে পুলিশি টহল জোরদার, সিসিটিভি নজরদারি বৃদ্ধি এবং পাহারাদারদের কার্যক্রম কঠোরভাবে মনিটরিংয়ের মাধ্যমে এই চুরির ঘটনা বন্ধ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা, যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়।