ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনে বিকল্প স্থান চান শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সড়ক ও ফুটপাত চলাচলের উপযোগী রাখার পাশাপাশি ফুটপাত ও সড়কে ব্যবসা করা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য উপযুক্ত বিকল্প স্থান নির্ধারণের দাবি জানিয়েছেন মিরপুর-১৫ আসনের সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাস্তা যানবাহন চলাচলের জন্য এবং ফুটপাত পথচারীদের হাঁটার জন্য। কিন্তু সামাজিক শৃঙ্খলার অভাবে অনেক জায়গায় ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালিত হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

তিনি বলেন, শুধু উচ্ছেদ করে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয়। গ্রাম থেকে রাজধানীতে এসে জীবিকার তাগিদে অনেক মানুষ ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের জন্য নির্ধারিত ও উপযুক্ত জায়গা করে দিয়ে সেখানে ব্যবসার সুযোগ দিতে হবে।

ক্ষুদ্র ব্যবসায়ীদের বিভিন্ন পর্যায়ে চাঁদা দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতির অবসান ঘটাতে হবে। নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ সৃষ্টি করা হলে ব্যবসায়ীরা জীবিকা নির্বাহ করতে পারবেন এবং সিটি করপোরেশনও যৌক্তিক হারে কর পেতে পারে। তবে কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া যাবে না।

মিরপুর এলাকায় সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে এই সমস্যার টেকসই ও সমন্বিত সমাধানের কথা বলা হয়েছিল। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে সেখানে ব্যবসার সুযোগ দেওয়ার মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে।

সবশেষে সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানিয়ে তিনি দখলদারি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন, মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মো. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *