ফেনী-নোয়াখালীর দায়িত্বে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন

মোঃআনজার শাহ

দুর্নীতি দমন, মাদক নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলাভিত্তিক তদারকির দায়িত্ব বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৭ আগস্ট, ২০২৬ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এই প্রজ্ঞাপনে দেশের প্রতিটি জেলার জন্য একজন করে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী বা জাতীয় সংসদের হুইপ নিয়োগ করা হয়েছে, যারা নিজ নিজ জেলার সার্বিক শাসনকার্য তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

এই তালিকায় ফেনী ও নোয়াখালী জেলার দায়িত্ব দেওয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জনাব জাকারিয়া তাহের সুমনকে। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি এই দুই জেলার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুনিয়ন্ত্রিত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। পাশাপাশি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের অগ্রগতি তদারকি করাও তাঁর দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে। প্রয়োজনবোধে তিনি এই দুই জেলার বিভিন্ন সভায় অংশগ্রহণ করে পরামর্শ প্রদান করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনের ভূমিকায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের মন্ত্রিপরিষদ দীর্ঘদিন ধরে লক্ষ্য করছে যে, বিগত ফ্যাসিস্ট শাসনামলে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট সংঘটিত হয়েছে, যার একাংশ বিদেশে পাচার হয়েছে বলে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। লুণ্ঠিত অর্থের কিছু অংশ দেশের ভেতরে মাদকসহ সামাজিক অস্থিরতা, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবেও ব্যবহৃত হয়েছে বলে প্রজ্ঞাপনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ প্রেক্ষাপটে টেকসই উন্নয়ন, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূল নিশ্চিত করাকে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং Rules of Business-এর সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ ও অন্যান্য সাংবিধানিক-সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা অক্ষুণ্ন রেখেই এই দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে। মন্ত্রিসভায় বিষয়টি পূর্ণাঙ্গভাবে আলোচিত হয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সংশ্লিষ্ট রিট পিটিশনের রায়ের আলোকেই এ ধরনের দায়িত্ব বণ্টন সরকারের এখতিয়ারভুক্ত বলে উল্লেখ করা হয়েছে।
মোট ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপকে দেশের ৬৪ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে এই প্রজ্ঞাপনে। তালিকার শুরুতে রাজশাহী ও নাটোরের দায়িত্ব পেয়েছেন জনাব ইকবাল হাসান মাহমুদ, আর ঢাকার দায়িত্বে রয়েছেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এটি জারি হওয়ার সাথে সাথেই কার্যকর হবে।

এই দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত, সুশাসিত ও নিরাপদ জেলা প্রশাসন নিশ্চিতে সরকার আরও তৎপর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ফেনী ও নোয়াখালীর বাসিন্দারা আশা করছেন, মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের এই দায়িত্ব গ্রহণের ফলে এই দুই জেলায় মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *