ফের অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

স্বাধীন সংবাদ বিনোদন: 

আবারও অভিনয়ে ফিরতে চান সময়ের ব্যস্ত ও সফল ডিজে সুলতানা রাজিয়া সুমী। শোবিজ অঙ্গনে তিনি ডিজে সুমী নামেই বেশি পরিচিত। বর্তমানে ইভেন্ট, করপোরেট অনুষ্ঠান, ক্লাব এবং ওয়েডিং শো নিয়েই তার ব্যস্ততা। হেভি মেটাল মিউজিকের তালে দর্শকদের মাতিয়ে তোলাই তার মূল কাজ। নিজে নাচেন, অন্যদেরও নাচান। তবে মিডিয়ায় অভিনয় করার স্বপ্ন ও আগ্রহ তার অনেক আগে থেকেই ছিল। সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুতও করেছিলেন।

২০০২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ ও অভিনয়ের ওপর প্রশিক্ষণ নেন তিনি। এরপর ২০০৩ সালে অভিনয় জগতে পথচলা শুরু করেন। ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্র, টেলিভিশন নাটক এবং বিজ্ঞাপনে ব্যস্ত হয়ে পড়েন। টানা প্রায় সাত বছর নিয়মিত অভিনয় করেছেন।

ডিজে সুমীর অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল চিত্রপরিচালক মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘মায়ের স্বপ্ন’। এরপর তিনি উত্তম আকাশ, সায়মন তারিকসহ আরও অনেক নির্মাতার চলচ্চিত্রে অভিনয় করেন। টেলিভিশনে তিনি সবচেয়ে বেশি কাজ করেছেন নির্মাতা নজরুল কোরেশীদেবাশিষ বড়ুয়া দ্বীপের পরিচালনায়। একই সময়ে একাধিক বিজ্ঞাপনের মডেল হিসেবেও দর্শকদের নজর কাড়েন।

তবে ২০১০ সালে হঠাৎ করেই তিনি ডিজে পেশায় যুক্ত হন। নতুন এই পেশায় এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে অভিনয়ে সময় দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। ফলে দীর্ঘ বিরতি তৈরি হয় অভিনয়জীবনে।

এখন আবার অভিনয়েই নিয়মিত হতে চান ডিজে সুমী। অভিনয়ই এখন তার ধ্যান-জ্ঞান বলে জানান তিনি। ইতোমধ্যে শোবিজ অঙ্গনের পুরোনো সহকর্মী ও নির্মাতাদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন।

ডিজে সুমী বলেন, “মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় নিয়েই থাকতে চাই। মিডিয়ার কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না, বরং প্রতিটি কাজই আমাকে আরও বেশি উৎসাহ ও আগ্রহ দেয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *