ফ্যাসিবাদী শাসনামলে রোহিঙ্গা নীতি কঠোরভাবে নিয়ন্ত্রিত: ফরহাদ মজহার

স্বাধীন সংবাদ ডেস্ক:

রাজধানীর সিরডাপ মিলনায়তনে বুধবার (১৭ সেপ্টেম্বর) রোহিঙ্গা ইস্যুতে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণকারী চিন্তাবিদ ও কলামিস্ট ফরহাদ মজহার মন্তব্য করেন, সাম্রাজ্যবাদী শক্তির দিকনির্দেশনায় ফ্যাসিবাদী শাসনামলের সময় বাংলাদেশের রোহিঙ্গা নীতি কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। তিনি রোহিঙ্গা সমস্যাকে কেবল মানবিক সমস্যা হিসেবে না দেখে একটি বৈশ্বিক সমস্যা হিসেবে দেখতে হবে বলে সতর্ক করেন। ফরহাদ মজহার বলেন, “রোহিঙ্গা ইস্যু শুধুমাত্র মানবতাবাদী নয়, এটি রাজনৈতিক, সামরিক এবং ভূরাজনৈতিক সমস্যা। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে এটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে হবে।”

সভায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানান, বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না। সরকারের লক্ষ্য হচ্ছে ইতিমধ্যেই আশ্রিত রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসন নিশ্চিত করা। তিনি আশা প্রকাশ করেন, আগামী বছর রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে যেতে পারবে। তবে তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া প্রত্যাবাসন কার্যক্রম সম্ভব নয়, যদিও সরকার কূটনৈতিক পর্যায়ে এ বিষয়ে সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছে।

এছাড়াও, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল এলায়েন্সের (আরএনএ) চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের সুষ্ঠু প্রত্যাবাসন রাজনৈতিক এবং দেশীয় হস্তক্ষেপের ছাড়া সম্ভব নয়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা এবং সরকারী প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেন।

সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে, রোহিঙ্গা ইস্যুতে দ্রুত সমাধান আনতে দূরদর্শী নীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *