আন্তর্জাতিক ডেস্ক ::
ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ৪৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক। তাকে ঘটনাস্থল থেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দেশটির নরমঁদি বিভাগের রৌয়েন জেলার ক্লেয়ঁন শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফ্রান্সের রেল পরিষেবা কোম্পানি এসএনসিএফের বরাতে জানা গেছে, ট্রেনটি রৌয়েন থেকে কেন শহরের দিকে যাচ্ছিল। পথে ক্লেয়ঁন শহরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। এসএনসিএফ ও পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। তবে ফরাসি পুলিশের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, অজ্ঞাত কোনো বস্তুর সঙ্গে ধাক্কা লাগার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রৌয়েন শহরের পাবলিক প্রসিকিউটর সেবাস্টিয়েন গাল্লোইস জানান, ট্রেনচালক দুর্ঘটনার আগে বা চালানোর সময় মাদক সেবন কিংবা মদপান করেছিলেন কি না, তা জানতে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
ফ্রান্সের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার তৎপরতা ও আহতদের জরুরি চিকিৎসায় ঘটনাস্থলে ১৩০ জন ফায়ার সার্ভিস কর্মী, পাঁচটি মেডিকেল টিম এবং কয়েক ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
লুইস নামে ২৪ বছর বয়সী এক যাত্রী জানান, ট্রেনটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠার আগে তিনি কয়েকবার ঝাঁকুনি অনুভব করেন। আইসিআই নরম্যান্ডি রেডিওকে তিনি বলেন, ঝাঁকুনির কারণে নিজের আসনে বসে থাকা কঠিন হয়ে পড়েছিল। এ সময় ট্রেনের জানালা আংশিক ভেঙে যায় এবং রেললাইনের পাথর ছিটকে বগির ভেতরে ঢুকে পড়ে।
“পুরো ব্যাপারটি ছিল খুব আতঙ্কজনক। আমি এখনো ভয়ে কাঁপছি,” বলেন লুইস।
সূত্র: এএফপি