বগি রেখে এক কিলোমিটার চলে গেল ইঞ্জিন, মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজট

জেলা প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনে যাত্রীবাহী বগি রেখে ট্রেনের ইঞ্জিন একাই প্রায় এক কিলোমিটার চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগিগুলো আটকে থাকায় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে লালমনিরহাট থেকে বিকল্প ইঞ্জিন এসে বগিগুলো উদ্ধার করে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তুষভান্ডার স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্বতীপুর থেকে বুড়িমারীগামী লোকাল ট্রেনটি তুষভান্ডার স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ব্যারিকেড এলাকায় থেমে যায়। তবে চালক বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে না পেরে ইঞ্জিন নিয়ে একাই প্রায় এক কিলোমিটার এগিয়ে যান।

এদিকে রেললাইন ও মহাসড়কের সংযোগস্থলে বগিগুলো আটকে থাকায় মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, লেভেল ক্রসিংয়ের ওপর বগি আটকে থাকায় পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র গরমে শত শত যানবাহনের যাত্রী ও চালকদের প্রায় এক ঘণ্টা চরম ভোগান্তি পোহাতে হয়েছে।

তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। ইঞ্জিনটি এসে বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে পুনরায় যুক্ত হলে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি জানান, ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুকে যান্ত্রিক ত্রুটির কারণে মূলত এ ঘটনা ঘটেছে। তবে এতে কোনো যাত্রী বা পথচারী আহত হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *