স্টাফ রিপোর্টার, বরিশাল:
বরিশাল নগরীর বটতলা এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে নগরীর হালিমা খাতুন স্কুলসংলগ্ন একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দাবি, নগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে সেখানে একটি বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশের একাধিক দল ওই ভবনে অভিযান চালায়। পরে সেখান থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—ইলিয়াস মুন্সী (৪৫), খলিলুর রহমান সুমন (৪৫), সঞ্জিব কুমার দাস (৫২), সিফাত (২২), মাহাদি ইসলাম (২৬), ইয়াসিন আরাফাত (৩০), রফিকুল ইসলাম (২৫), জিহাদ (২২), নাইম (২৫), শফিকুল ইসলাম, সিয়াম ও রাজিব চন্দ্র দাস।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন বৈঠকের সংবাদ পেয়ে থানা পুলিশ ও নগর গোয়েন্দা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। তাঁর দাবি, আগামী ২৮ সেপ্টেম্বরকে কেন্দ্র করে তারা বৈঠকে বসেছিলেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবন ঘেরাও করে ১২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তারা নগরীতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে বৈঠক করছিলেন। পরে তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।