বরুড়ার খালে অবৈধ বাঁধ-রিংজাল উচ্ছেদ: মাছ নিধন ঠেকাতে কঠোর প্রশাসন

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়া উপজেলায় খালে অবৈধভাবে বাঁধ দিয়ে ছোট মাছ নিধনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মইশাইর খালে পরিচালিত এ অভিযানে অবৈধ বাঁধ অপসারণ ও মাছ ধরার কাজে ব্যবহৃত রিংজাল ধ্বংস করা হয়েছে।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, একশ্রেণির অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে মইশাইর খালে অবৈধভাবে বাঁধ নির্মাণ করে রিংজাল দিয়ে নির্বিচারে ছোট মাছ শিকার করে আসছিল। এতে একদিকে খালের স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছিল, অন্যদিকে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ে।
অভিযানে প্রশাসন খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করে এবং মাছ নিধনে ব্যবহৃত রিংজাল ধ্বংস করে দেয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

এ বিষয়ে ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, “জলাশয়ে অবৈধ বাঁধ দিয়ে ছোট মাছ নিধন পরিবেশ ও মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করবে না। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের ভাষ্য, খালের স্বাভাবিক প্রবাহ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় অবৈধ বাঁধ ও রিংজালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *