কামরুল ইসলাম:
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাজির আহমেদ খাঁন মহোদয় আজ বাঁশখালী থানা, বাঁশখালী উপজেলা নির্বাচন অফিস এবং বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বাঁশখালী থানায় কর্মরত অফিসার ও ফোর্সকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনের ক্ষেত্রে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি নির্বাচন সংক্রান্ত সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং দাপ্তরিক কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন।
এছাড়া উপজেলা নির্বাচন অফিসে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ও ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা যাচাই করেন পুলিশ সুপার। তিনি রাত্রীকালীন প্রহরার ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশকে অবহিত করার নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় পুলিশ সুপার মহোদয় বিশেষভাবে নির্দেশ দেন, “অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করতে হবে। চিহ্নিত ও তালিকাভুক্ত সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনতে হবে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্নভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সর্বোচ্চ পুলিশি নিরাপত্তা দিতে হবে। ভোটকেন্দ্র ও নির্বাচনী অফিসে যথাযথ নজরদারি, সিসিটিভি পর্যবেক্ষণ ও প্রহরার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্বাচন সংক্রান্ত যেকোনো অনিয়ম, সহিংসতা বা বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করতে হবে। একই সঙ্গে জনসাধারণের পুলিশি সেবা সর্বোচ্চ মাত্রায় নিশ্চিত রাখতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল কর্মকর্তাকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করবে, যাতে ভোটাররা নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পরিদর্শন শেষে পুলিশ সুপার বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে উপজেলা নির্বাচন অফিসসহ সংশ্লিষ্ট সকল স্থাপনার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষভাবে দায়িত্ব প্রদান করেন।
এ সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ, অন্যান্য অফিসার ও ফোর্স, উপজেলা নির্বাচন অফিসার, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।