নরসিংদী জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নরসিংদীর কৃতি সন্তান ও আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সারোয়ার হোসেন মৃধা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের ‘ঢাকা লেডিস ক্লাব’ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সমিতির কাউন্সিল অধিবেশন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মামুনুর রশীদ রনী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহমেদ, মহাসচিব পদে মো. সাইফুল আলম এবং কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন। ১২১ সদস্য বিশিষ্ট এই কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ তিনটি পদে একাধিক প্রার্থী থাকায় সরাসরি ভোট গ্রহণ করা হয়। অন্যান্য পদগুলোতে একক প্রার্থী থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার জানান, অত্যন্ত স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় মালিকরা তাদের নেতৃত্ব বেছে নিয়েছেন।
নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. সারোয়ার হোসেন মৃধা তার প্রতিক্রিয়ায় বলেন, “পরিবহন মালিকরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমার ওপর যে বিশ্বাস ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা সততার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর। সবার সহযোগিতায় আমরা পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হব ইনশাআল্লাহ।”
এ সময় তিনি নব-নির্বাচিত সভাপতি, মহাসচিব ও কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার রাজনৈতিক অভিভাবক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নব-নির্বাচিত সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
এদিকে, কেন্দ্রীয় কমিটিতে নরসিংদীর এই নেতার গুরুত্বপূর্ণ পদ প্রাপ্তিতে জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন স্থানীয় পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ।