বাকেরগঞ্জে বালুর বস্তায় বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ, নারী-শিশুসহ আহত ৩

মো. লুৎফর রহমান খান: বরিশালের বাকেরগঞ্জে বাড়ির সামনে রাখা বালুর বস্তায় বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের মৃত শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—মৃত শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম (৬০), তার ছোট মেয়ে ইতি আক্তার এবং নাতি ফাহিম (১৪)।

আহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির একটি পরিত্যক্ত ঘরের পাশে রাখা বালুর বস্তায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বাড়ির উঠানে হনুফা বেগম, তার মেয়ে ও নাতি হাঁটাহাঁটি করছিলেন। বিস্ফোরণের পর তাদের শরীরের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়। আগুন থেকে বাঁচতে তারা বাড়ির পাশের পায়রা নদীতে ঝাঁপ দেন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিলাং হোসেন বলেন, উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে ককটেলসদৃশ একটি বিস্ফোরণে তিনজন গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *