বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্তে ৫৭ বিজিবির মেডিকেল ক্যাম্প

মোঃ রাসেল:

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বান্দরবানের আলীকদমে ৫৭ বিজিবির উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় দুই দিনব্যাপী একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

২১ ও ২২ সেপ্টেম্বর লিকড়ী ও বুলুপাড়া বিওপির দায়িত্বপূর্ণ দুর্গম সীমান্ত এলাকায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় ও অধিনায়কের দিকনির্দেশনায় মেডিকেল অফিসারের নেতৃত্বে পরিচালিত এ ক্যাম্পেইনে ১৫০ জনেরও বেশি চিকিৎসাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

বিজিবির কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করে আসছে। একই সঙ্গে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে চিকিৎসাসেবা ও বিভিন্ন মানবিক সহায়তা প্রদান করছে বাহিনীটি।

মেডিকেল ক্যাম্পেইন চলাকালে স্থানীয় পাড়া কারবারী, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ জনকল্যাণমূলক কার্যক্রম সম্পন্ন হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পাহাড়ি এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্ত এলাকায় পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পেইনসহ মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *