বাসের গ্লাসে ঢিল ছোড়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

হাজারীবাগ প্রতিনিধি:

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্সল্যাব সংলগ্ন গ্রিন রোডের মুখে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় সায়েন্সল্যাব মোড়সংলগ্ন সবগুলো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, ঢাকা কলেজের একটি বাসে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ইট ছুড়ে বাসটির গ্লাস ভেঙে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

একপর্যায়ে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন। বর্তমানে আইডিয়াল কলেজের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন, আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী ঢাকা কলেজের বাসের গ্লাসে ঢিল ছোড়েন। এ ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত।

ওসি বলেন, আপাতত কোনো হতাহতের খবর তারা পাননি। আহত কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন কি না, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *