মোহাম্মদ হোসেন হ্যাপী:
আড়াইহাজার-এ সংঘটিত ডাকাতির কয়েক ঘণ্টার মধ্যেই সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ-এর নির্দেশে বিএনপি নেতাকর্মীরা দুই ডাকাতকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে মরদাসাদি গ্রাম থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ জাকারিয়া (৬০) ও মো. সোলায়মান (৪০)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে আড়াইহাজার উপজেলার মাহমুদ ইউনিয়নের খিরদাসাদি গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় ব্যবসায়ী হাজী আব্দুর রবের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। প্রকাশ্যে দিবালোকে সংঘটিত এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে অবহিত করেন। তারা জানান, ডাকাতদের কয়েকজনকে তারা চিনতে পেরেছেন।
এরপর এমপির নির্দেশে তার ভাই রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, থানা পুলিশ ও স্থানীয় লোকজন রাতে ডাকাতকবলিত মরদাসাদি গ্রামে অভিযান চালান। অভিযানে স্থানীয়রা দুই ডাকাতকে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেন।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার জানান, ডাকাতির ঘটনায় কারা সরাসরি জড়িত এবং তাদের সহযোগীরা কারা—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।