নিজস্ব প্রতিনিধি: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় কাঠামো পুনর্বিন্যাস, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণী প্রক্রিয়া শক্তিশালী করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন অন্তর্ভুক্ত নেতারা হলেন—রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ। তাদের মধ্যে রুহুল কবির রিজভী এতদিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। অন্য তিনজন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দলের নীতিনির্ধারণী কার্যক্রমকে আরও কার্যকর ও শক্তিশালী করতে এবং সংগঠনকে নতুনভাবে সাজানোর লক্ষ্যেই চার নেতাকে স্থায়ী কমিটিতে মনোনীত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন সদস্যরা তাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, বিচক্ষণতা ও সুচিন্তিত মতামতের মাধ্যমে স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবেন। তাদের এই ভূমিকা দল ও জনগণের স্বার্থে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করছে বিএনপি।
এর আগে ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে ১৩ জন সদস্য ছিলেন। গত ১২ জুলাই সদস্য জমির উদ্দিন সরকার মারা যাওয়ায় একটি পদ শূন্য হয়। নতুন চারজনকে অন্তর্ভুক্ত করার পর বর্তমানে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
বর্তমান স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন—তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী করা হয়েছে। নির্বাচনে জয়ী হলে তাকে দলীয় পদ থেকে পদত্যাগ করতে হবে। সে ক্ষেত্রে স্থায়ী কমিটিতে আরও একটি পদ শূন্য হতে পারে। একই কারণে আরও দুই সদস্য দলীয় পদ ছাড়তে পারেন বলে দলীয় সূত্রের বরাতে জানা গেছে। এতে ভবিষ্যতে বিএনপির স্থায়ী কমিটির কাঠামোয় আরও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।