বিকট শব্দে কেঁপে উঠল নারায়ণগঞ্জের দেওভোগ, দগ্ধ ২

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকায় একটি বাড়িতে তিতাস গ্যাসের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দুইজন দগ্ধ ও একজন আহত হয়েছেন। নিচতলায় ঝুটের গুদামে বিকট শব্দে এ বিস্ফোরণ ঘটে। দগ্ধ দুইজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় ভাড়াটিয়ার ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে ভবনটির নিচতলায় ঝুটের গুদামে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং সামান্য আগুন ধরে যায়। এ সময় নিচতলার দেয়ালের বেশ কিছু অংশ, দরজা ও জানালা ধসে পড়ে। এতে আগুনে দগ্ধ হন ঝুট ব্যবসায়ী শিপন ও তার কর্মচারী লিটন। আহত হন বাড়ির ভাড়াটিয়া ছগির।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভায় এবং দগ্ধ ও আহতদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে দগ্ধ শিপন ও লিটনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের দুজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়।

বিস্ফোরণের বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশপাশের আরও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ভবনগুলোর জানালার কাঁচ ভেঙে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের বিষয়ে তদন্ত শুরু করে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে শহরের মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে ঝুটের গুদামে জমে থাকা গ্যাস থেকেই এই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দগ্ধদের অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত। তাদের মধ্যে দগ্ধ শিপনের শরীরের প্রায় ১৫ শতাংশ পুড়ে গেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *