মোঃ মশিউর রহমান:
বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এমনকি হাইস্পিড যানবাহনেও পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি। এ খাতকে ঘিরে সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং ইন্টারনেট সুবিধা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই কাজ করা হচ্ছে। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং হাইস্পিড যানবাহনে ফ্রি ওয়াইফাই সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশের তিনটি বড় টেকপার্কে বিনিয়োগ বৃদ্ধি করার বিষয়ে সরকার কাজ করছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। “আমরা জনবান্ধব সরকার হতে চাই,”—বলেন তিনি।
মন্ত্রী টাঙ্গাইল জেলার সম্ভাবনার কথাও উল্লেখ করে বলেন, ভবিষ্যতে জেলার প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় জেলার উন্নয়ন, তথ্যপ্রযুক্তির সম্প্রসারণ এবং সরকারি সেবার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।