ভরা মৌসুমেও চড়া শীতকালীন সবজির দাম

নুরুল আমিন হেলালী: 

পর্যটন নগরী কক্সবাজারের হাট-বাজারগুলোতে মৌসুমি শীতের সবজিতে ভরপুর। কিন্তু এই ভরা মৌসুমেও চড়া শীতকালীন সবজির দাম। এ নিয়ে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের।

সরেজমিনে শহরের বড় বাজার, বাহারছড়া বাজার, কানাইয়া বাজার, উপজেলাবাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়—ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মিষ্টি কুমড়া, বরবটি, ভেন্ডি, লাউ, মূলাসহ বিভিন্ন শীতকালীন সবজিতে বাজার সয়লাব হলেও ক্রেতাদের স্বস্তি ফেরেনি। নতুন মৌসুমের সবজি বাজারে এলেও দাম এখনও তুলনামূলক কমার কোনো লক্ষণ নেই বলে অভিযোগ ক্রেতাদের।

সরেজমিনে সকাল ও বিকালে শহর ও শহরের বাইরের কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, শিম ৮০–১০০ টাকা, মূলা ৪০–৫০ টাকা, লাউ ৬০ টাকা পিস, কাঁচা মিষ্টি কুমড়া ৪০–৫০ টাকা কেজি, আলু ৩০–৬০ টাকা কেজি, বরবটি ৬০–৮০ টাকা কেজি, ভেন্ডি ৮০ টাকা, টমেটো ৮০–১০০ টাকা কেজি, শিমবিচি ২০০–২৪০ টাকা কেজি এবং পেঁপে ৩০–৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সারা বছর সবজি ৬০ থেকে ১২০ টাকার মধ্যেই থাকে। কবে দাম কমে বা কবে দাম বাড়ে, সেটা বোঝা যায় না বলে মন্তব্য অনেক ক্রেতার।

সেলিম উল্লাহ নামের একজন সংবাদকর্মী জানান, শীতকাল এলে মৌসুমি সবজির দাম এমনিতেই কম থাকার কথা। ১০০ টাকায় অন্তত আড়াই থেকে ৩ কেজি সবজি পাওয়ার কথা। কিন্তু সেখানে ২ কেজি সবজি কিনতেই লাগে অন্তত ১২০ টাকা। শীত মৌসুমে এটাকে কম দাম বলতে নারাজ ক্রেতারা।

ঈদগাঁও বাজারের খুচরা বিক্রেতা আব্দুল্লাহ জানান, আমরা পটিয়া, দোহাজারি ও চকরিয়া থেকে সবজি নিয়ে আসি। সেখানে নানা ধরনের সবজি পাওয়া যায়। একই সবজি মানভেদে দামে পার্থক্য থাকে। বাজার থেকে নিয়ে আসার খরচসহ আমরা কেজিতে মাত্র ৩–৫ টাকা লাভ করি। কিন্তু দামের বিষয়টি হচ্ছে—পাইকারি বাজারে দাম না কমায় আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সামনে আরও কিছুটা দাম কমার সম্ভাবনা আছে বলেও তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন।

তবে পেঁয়াজের ঝাঁজ বাজারে বেড়েই চলেছে। কেজিতে ১০০–১২০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে। এছাড়া লাল শাক প্রতি আঁটি ৩০ টাকা, মুলাশাক ২০ টাকা, কলমি শাক ১০ টাকা, মিষ্টি কুমড়া শাক ৩০–৪০ টাকা এবং কাঁচা মরিচ ৬০–৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে সাগর শান্ত থাকায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ বাজারে সয়লাব থাকায় মাছের বাজারে কিছুটা হলেও স্বস্তি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *