ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে সৌদিপ্রবাসী নিহত, আহত ২

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চয়ন মোল্লা (২৩) নামে এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু সিয়াম (২৩) ও নয়ন (২১) আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চয়ন মোল্লা ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মন্ডলের বড় ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মোটরসাইকেলচালক চয়ন মোল্লা তার দুই বন্ধু সিয়াম ও নয়নকে নিয়ে ভাঙ্গায় ঘুরতে এসেছিলেন। ফেরার পথে নওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চয়ন মোল্লার মৃত্যু হয়। গুরুতর আহত সিয়াম ও নয়নকে স্থানীয়দের সহায়তায় ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত চয়নের চাচা আসির উদ্দিন জানান, শনিবার বিকেলে চয়ন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পর আর বাড়ি ফেরা হয়নি তার।

এ ঘটনায় ঘাতক বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *