ভারতে নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্যসহ ৬ জন আটক

ফুলবাড়ী প্রতিনিধি:

দিনাজপুর জেলার ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ রসুলপুর বিওপির সীমান্ত ফাঁড়ি এলাকায় রসুলপুর পলিপাড়া গ্রামে অভিযান চালিয়ে একজন নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের দক্ষিণ দিনাজপুরের নোয়ী থানার মারগাঁওয়ের সুতিস বর্মণের ছেলে নেপাল বর্মণ ২০২২ সাল থেকে ভারতীয় বৈধ পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন সময়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশ হতে ভারতে নারী ও শিশু পাচার করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর ২০২৫ তারিখ হিলি আইসিপি দিয়ে বাংলাদেশে বৈধভাবে অনুপ্রবেশ করে নেপাল বর্মণ। এরপর নওগাঁ জেলার মহাদেবপুর থানার শালবাড়ী গ্রামের মৃত মিঠু চন্দ্রের স্ত্রী, দুই সন্তানের জননী জলি রানীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে গত ২৬ অক্টোবর কোর্টের মাধ্যমে বিয়ে করে। নেপাল বর্মণ তার বিবাহিতা স্ত্রী জলি রানী ও দুই সন্তানসহ নওগাঁ জেলার পত্নীতলা থানার বড় চাঁদপুর গ্রামের শ্রী বিজন কুমার দাস ও স্ত্রী শ্রীমতি লিপি কুমার দাসকে কাজের প্রলোভন দেখিয়ে গত ৪ নভেম্বর ২০২৫ তারিখ বৈধভাবে ভারতে পাচারের সকল কার্যক্রম সম্পন্ন করে।

পরবর্তীতে ৬ নভেম্বর ২০২৫ তারিখ দিনাজপুর জেলার ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ রসুলপুর বিওপির সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর পলিপাড়ার মৃত জহিরুল চৌধুরীর বাড়িতে আত্মগোপনে থাকা ভারতীয় নাগরিক নারী ও শিশু পাচারকারী নেপাল বর্মণসহ ৬ জনকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর রসুলপুর সীমান্ত ফাঁড়ির একটি নিয়মিত টহল দল।

ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের জানান, ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ রসুলপুর বিওপির সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর পলিপাড়ার মৃত জহিরুল চৌধুরীর বাড়ি থেকে নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য নেপাল বর্মণসহ ৬ জনকে আটক করা হয়।

তথ্যসূত্র ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত নেপাল বর্মণ একজন মানবপাচারকারী। সে ২০২২ সাল থেকে ভারতে নারী ও শিশু পাচার করে আসছে এবং তাঁরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। নারী ও শিশু পাচারকারী চক্রের সদস্য নেপাল বর্মণের অন্যান্য সহযোগীরা হলেন দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা বাজার এলাকার মোঃ ভোলা, মোঃ রোস্তম ও মোঃ শহিদুল। তাদের যোগসাজশে ভারতীয় পাচারকারী নেপাল বর্মণ বিভিন্ন সময়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে নারী ও শিশু পাচার করে আসছে।

আটককৃতদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ও মানবপাচারকারীদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *