মো: নুরে ইসলাম মিলন, রাজশাহী ব্যুরো:
মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা। সাহিত্য, সংস্কৃতি ও পাঠচর্চার বিকাশে স্থানীয় লেখক-পাঠকদের মিলনমেলায় রূপ নিয়েছে এ আয়োজন। নগরীর সাহিত্যপ্রেমীদের উদ্যোগে এবং রাজশাহী রাইটার্স কালেকটিভ–এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই বইমেলা ইতোমধ্যেই বইপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
শুক্রবার সকাল ১০টায় রাজশাহী নগরীর বাটার মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত লেখক, কবি ও সংস্কৃতিকর্মীরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং ভাষা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, একুশের চেতনা শুধু স্মরণে সীমাবদ্ধ না রেখে তা যেন সাহিত্যচর্চা, বইপড়া ও মুক্তবুদ্ধির চর্চায় প্রতিফলিত হয়—এই লক্ষ্যেই মেলার আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী এ মেলায় বই বিক্রির পাশাপাশি কবিতা পাঠ, সাহিত্য আলোচনা, পাঠক-লেখক মতবিনিময়, সাংস্কৃতিক আড্ডা এবং তরুণ লেখকদের জন্য উন্মুক্ত আলাপচারিতার ব্যবস্থা রাখা হয়েছে।
মেলায় রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকদের নতুন প্রকাশনার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের স্বনামধন্য লেখক ও প্রকাশকদের বই প্রদর্শিত হচ্ছে। এছাড়া কিছু পুরনো ও দুর্লভ বইয়ের সংগ্রহও পাঠকদের আকর্ষণ করছে। আয়োজকরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ রাজশাহীতে নিয়মিত সাহিত্যচর্চার পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।
দুই দিনব্যাপী বইমেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী রাইটার্স কালেকটিভের সংগঠকসহ এলাকার কবি, সাহিত্যিক, প্রকাশক, পাঠক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।