মনপুরায় ইউসিসি-বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

মো. আব্দুল গফুর সিকদার:

ভোলার মনপুরায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসি) লিমিটেড ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. শেখ ফরিদের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মো. শেখ ফরিদ চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন মনপুরা উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন। তাঁর নেতৃত্বে জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. ইব্রাহিম ও মো. ওমর ফারুক ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করেন। নির্বাচন কার্যক্রম তত্ত্বাবধান করেন মনপুরা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহে আলম।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান মো. শেখ ফরিদ। উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহে আলম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মো. মাহাবুব রহমান, সাবেক বিআরডিবি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, নবনির্বাচিত সহ-সভাপতি মো. লিটন ফরাজী এবং ইউসিসি-বিআরডিবির নবনির্বাচিত সাত সদস্য। এ ছাড়া বিআরডিবির মাঠ সংগঠক মো. নুরুল ইসলাম, মো. মোকাম্মেল, মো. জহির ইসলাম, সিরাম চন্দ্র দাস, হিসাবরক্ষক মো. রিপন, মাঠ সহকারী আমেনা বেগম ও সালমা বেগমসহ কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নবনির্বাচিত চেয়ারম্যানকে অভিনন্দন জানান এবং তাঁর সফলতা কামনা করেন। তাঁরা বলেন, ইউসিসি-বিআরডিবির অধীনে থাকা ৭৫টি সংগঠন ও সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে নবনির্বাচিত কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সম্পদ যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে পল্লী উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহে আলম বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান হিসেবে মো. শেখ ফরিদের দায়িত্ব গ্রহণ ইউসিসি-বিআরডিবির জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাঁর নেতৃত্বে সমিতি ও সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ জন্য কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের সম্মিলিতভাবে সহযোগিতা করার আহ্বান জানান। নবনির্বাচিত চেয়ারম্যান মো. শেখ ফরিদ বলেন, “ইউসিসির সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা নিয়ে আমি বিআরডিবি ও ইউসিসির কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে চাই। নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনের উন্নয়ন ও সদস্যদের কল্যাণে কাজ করতে চাই।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবনির্বাচিত ইউসিসি সদস্য মো. মোস্তাফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনপুরা উপজেলা বিআরডিবির হিসাবরক্ষক মো. আনোয়ার হোসেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যান মো. শেখ ফরিদকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ইউসিসি-বিআরডিবির অধীনস্থ সমিতি ও সংগঠনগুলোর কার্যক্রম আরও সক্রিয় হবে এবং পল্লী এলাকার জনগণের আর্থসামাজিক উন্নয়নে প্রতিষ্ঠানটির ভূমিকা আরও জোরদার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *