মা ইলিশ রক্ষায় দক্ষিণাঞ্চলের নদ-নদীতে কোস্ট গার্ডের তৎপরতা

নিজস্ব প্রতিবেদক

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে দক্ষিণাঞ্চলের নদ-নদী ও উপকূলীয় এলাকায় অভিযান, টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের পাশাপাশি জেলেদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মতো কার্যক্রমও পরিচালনা করছে সংস্থাটি।

রোববার (১৮ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। নদ-নদী ও সমুদ্র উপকূলে নজরদারি বাড়ানোর মাধ্যমে নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।

সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

কোস্ট গার্ড জানায়, দেশের সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত দায়িত্ব পালন করছে সংস্থাটি।

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে সর্বসাধারণকে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, মা ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ইলিশের বংশবিস্তার ও ভবিষ্যৎ উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *