মাদকের সঙ্গে জড়িতদের ছাড় নয়, দলীয় পরিচয়ও বিবেচ্য নয়: কায়সার আলম সেলিম

 

মোঃআনজার শাহ

মাদক একটি শব্দ, অথচ তার আড়ালে লুকিয়ে থাকে হাজারো পরিবারের ভাঙা স্বপ্ন, নিভে যাওয়া সম্ভাবনা আর অন্ধকারে হারিয়ে যাওয়া তারুণ্য। এই ভয়াবহ ব্যাধির বিরুদ্ধে আপসহীন অবস্থানের ডাক দিলেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কায়সার আলম সেলিম। স্পষ্ট কণ্ঠে তিনি জানিয়ে দিলেন,মাদকের সঙ্গে যুক্ত থাকলে দল-মত, পরিচয় কিংবা অবস্থান কোনো কিছুই আর রক্ষাকবচ হবে না।
কুমিল্লার বরুড়ায় জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই দৃঢ় অবস্থানের কথা জানান।

তিনি বলেন, “আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি—যে দলেরই হোক, মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে নির্বিধায় ব্যবস্থা নিতে হবে। দলের পক্ষ থেকে কোনো সুপারিশ করা হবে না।”

একযোগে জেলাজুড়ে সচেতনতার ডাক:
মাননীয় পুলিশ সুপার ও বরুরার ওসি কুমিল্লার নির্দেশনায় জেলার উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডে একযোগে পরিচালিত মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে গত ১৯ আগস্ট বিকেল ৩টা ২০ মিনিটে বরুড়া উপজেলার ১ নম্বর আগানগর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত হয় এই র‍্যালি ও সমাবেশ। জনস্রোতের মতো সেখানে জড়ো হন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও নানা শ্রেণি-পেশার মানুষ। যেন এক কণ্ঠে প্রতিধ্বনিত হলো মাদকের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ।“মাদক শুধু একজনকে নয়, ধ্বংস করে একটি গোটা পরিবার, একটি সমাজ”
আবেগঘন কণ্ঠে কায়সার আলম সেলিম বলেন, মাদক কখনো একা কাউকে গ্রাস করে না, তার নীরব থাবায় ভেঙে পড়ে গোটা একটি পরিবার, ক্ষয়ে যায় সমাজের ভিত। একটি সুস্থ, সুন্দর প্রজন্ম গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, মাদক নির্মূলের এই লড়াই কেবল পুলিশ কিংবা প্রশাসনের একার নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং সমাজের প্রতিটি সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে একসঙ্গে, একই কাতারে।

নিজ দলের নেতাকর্মীদেরও কঠোর বার্তা:
সবচেয়ে দৃঢ়ভাবে তিনি হুঁশিয়ার করেন নিজ দলের নেতাকর্মীদের। বলেন, বিএনপির কোনো নেতাকর্মী যদি মাদক ব্যবসা, সেবন কিংবা মাদক কারবারে সহায়তার সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা। মাদকের সঙ্গে জড়িত কারও পক্ষে দলীয়ভাবে কোনো তদবির কিংবা সুপারিশ কিছুই করা হবে না।

বরুড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনের মাদকমুক্ত বরুড়া গড়ার প্রত্যয়ের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, সেই অঙ্গীকার বাস্তবায়নে রাজনৈতিক দল হিসেবে তারা সবসময় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকবেন।

সন্তানদের নিরাপদ আগামীর প্রত্যয়:
সমাবেশে উপস্থিত ফুটফুটে শিশুদের দিকে ইঙ্গিত করে আবেগমথিত কণ্ঠে কায়সার আলম সেলিম বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এখানে যে শিশুরা রয়েছে, তারাই আমাদের আগামী। তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার।”
তিনি আরও বলেন, মাদকবিরোধী এই কার্যক্রমকে কেবল অভিযাননির্ভর রাখলে চলবে না,এটিকে রূপ দিতে হবে একটি প্রকৃত সামাজিক আন্দোলনে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা আরও জোরদার করা এখন সময়ের দাবি।

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রদ্ধা ও ঐক্যের আহ্বান:
একই আয়োজনে উদযাপিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে কায়সার আলম সেলিম সংগঠনের নেতাকর্মীদের অতীত আন্দোলন-সংগ্রামের ত্যাগের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা জানান এবং সংগঠনকে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

সমাবেশে যারা উপস্থিত ছিলেন:
মাদকবিরোধী এই সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাহিম বিল্লাহ ফেরদৌস, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কায়সার আলম সেলিম, আগানগর ইউনিয়নের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক,এছাড়াও আরো উপস্থিত ছিলেন তদন্ত ওসি হলেন সঞ্জয় সরকার।
সমাবেশে বক্তারা একবাক্যে বলেন, মাদক একটি গভীর সামাজিক ব্যাধি। শুধু আইনের প্রয়োগে এই ব্যাধি সারবে না,পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠবে মাদক নির্মূলের প্রকৃত পরিবেশ।

সবশেষে দৃঢ়কণ্ঠে কায়সার আলম সেলিম বলেন, “মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়। দলীয় পরিচয় নয়, অপরাধই হবে ব্যবস্থা নেওয়ার একমাত্র মানদণ্ড। আমাদের সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ রক্ষায় বরুড়াকে মাদকমুক্ত করতেই হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *