মামদানির অবস্থানের মধ্যে জেএফকে এড়াচ্ছে নেতানিয়াহুর ‘উইং অব জায়ন’

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরসূচিতে পরিবর্তন এসেছে। তার বহনকারী সরকারি উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর অথবা কাছের কোনো সামরিক ঘাঁটিতে অবতরণ করতে পারে বলে ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে নেতানিয়াহুর প্রকাশ্য বিরোধ এবং নেতানিয়াহুকে গ্রেপ্তারের বিষয়ে মামদানির আগের অবস্থানের কারণে তার সফর ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সতর্কতা নেওয়া হয়েছে। মামদানি আগে বলেছিলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে তিনি ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানাবেন। পরে তিনি স্বীকার করেন, নিউইয়র্ক সিটির নিজস্বভাবে ওই পরোয়ানা কার্যকর করার আইনগত ক্ষমতা নেই।

ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘উইং অব জায়ন’কে জেএফকে বিমানবন্দরে রাখার বিষয়টি নিয়েও প্রশাসনিক সমন্বয়ের জটিলতা তৈরি হয়েছে। এ কারণে নিউ জার্সিতে বিমান অবতরণের বিকল্প ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে।

এদিকে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরও সংক্ষিপ্ত করা হয়েছে। তিনি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার পর একই রাতে ইসরাইলে ফিরে যাওয়ার কথা রয়েছে। ফলে নিউইয়র্কে তার রাতযাপনের পরিকল্পনা নেই বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সফরসূচিতে আরও একটি পরিবর্তন এসেছে। টেক্সাসে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে নেতানিয়াহুর পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। দীর্ঘ যাত্রাপথ ও শেষ মুহূর্তের সমন্বয় জটিলতার বিষয়টি এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় মামদানির সমালোচনা করে জাতিসংঘে তার বক্তব্যের জবাব দেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, নিউইয়র্কে গিয়ে তিনি ইসরাইলের অবস্থান এবং দেশটির সেনাদের কর্মকাণ্ড নিয়ে ‘সত্য’ তুলে ধরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *