মার্কিন ভিসার শর্ত নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

অনলাইন ডেস্ক:

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এই ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোন ধরনের কর্মকাণ্ড করা যাবে না, তা স্পষ্ট করেছে দূতাবাস।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি বার্তা প্রকাশ করে মার্কিন দূতাবাস।

বার্তায় বলা হয়, সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিসার আওতায় অনুমোদিত নয়।

এ ছাড়া ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক নেওয়ার উদ্দেশ্যে চাকরি বা কাজ করা যাবে না। একইভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জনের লক্ষ্যে পূর্ণকালীন পড়াশোনাও এ ভিসার শর্তের লঙ্ঘন।

মার্কিন দূতাবাস জানিয়েছে, বি১/বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে পারিশ্রমিকের বিনিময়ে কর্মসংস্থানে যুক্ত হওয়া অনুমোদিত নয়। তাই এ ধরনের ভিসায় ভ্রমণের আগে এর শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে যথাযথভাবে জেনে নেওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের সতর্ক করা হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। ওই বার্তায় বলা হয়েছিল, নির্ধারিত পড়াশোনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কাজে যুক্ত হওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা, নিয়মিত শিক্ষা কার্যক্রম এড়িয়ে যাওয়া কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে পড়াশোনা ছেড়ে দিলে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ভিসার শর্ত মেনে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এবং ভিসার অপব্যবহার এড়াতেই এসব বিষয়ে সতর্ক করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *