মুম্বাইয়ে মঞ্চে শিল্পা রাওয়ের মাইক বন্ধ করে পরিবেশনা থামানোর ঘটনায় বিতর্ক

বিনোদন ডেস্ক:

মুম্বাইয়ের সংগীত উৎসবে পারফরম্যান্স চলাকালে ভারতীয় গায়িকা শিল্পা রাওয়ের মাইক বন্ধ করে দেওয়া এবং তাঁকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় আলোচনা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শিল্পীর প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগ তুলেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। সংগঠনটি প্রয়োজনে শিল্পাকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ‘বলিউড মিউজিক প্রজেক্ট’-এর মঞ্চে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে একাধিক শিল্পীর সংগীত পরিবেশনার আয়োজন করা হয়েছিল।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, শিল্পা রাও মঞ্চে গান পরিবেশনের একপর্যায়ে দর্শকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হঠাৎ তাঁর হাতে থাকা মাইক্রোফোন বন্ধ হয়ে যায়। একই সময়ে পাশের মঞ্চে অন্য এক শিল্পীর পরিবেশনা শুরু হয়। এতে পরিস্থিতি নিয়ে হতবাক হয়ে পড়েন শিল্পা।

পরে তিনি আয়োজকদের কাছে কিছুক্ষণ সময় চান এবং দর্শকদের উদ্দেশে কয়েকটি কথা বলেন। তবে কিছুক্ষণ পর আবার তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। এরপর আয়োজকদের পক্ষ থেকে তাঁকে মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন শিল্পা রাও। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘মুম্বাই, আজ রাতে আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ ভেঙে গেছে। এত সুন্দর একটা মুহূর্ত এভাবে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এটা ভীষণ কষ্টের।’

তবে গান থেমে গেলেও দর্শকদের ভালোবাসা অব্যাহত ছিল বলে জানান এই গায়িকা। তাঁর পরিবেশনা অসমাপ্ত থাকলেও শ্রোতাদের সমর্থন ও ভালোবাসা তিনি অনুভব করেছেন বলে উল্লেখ করেন।

এদিকে, ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ‘বলিউড মিউজিক প্রজেক্ট’ কর্তৃপক্ষ। আয়োজকদের ভাষ্য, একাধিক শিল্পীর অংশগ্রহণে বড় সংগীত উৎসব আয়োজনের ক্ষেত্রে সময়সূচি সমন্বয় করা কঠিন হয়ে পড়ে। আগের শিল্পীদের পরিবেশনা নির্ধারিত সময়ের চেয়ে দীর্ঘ হলে পরবর্তী পরিবেশনাগুলোতেও বিলম্ব হয়।

আয়োজকেরা আরও জানান, স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা এবং অনুষ্ঠানস্থলের নির্ধারিত সময়সীমা মেনে চলার বাধ্যবাধকতা ছিল। এসব কারণে শিল্পা রাওয়ের পরিবেশনা আগেভাগে শেষ করতে বাধ্য হন তাঁরা। তবে তাঁর পুরো পরিবেশনা দর্শকদের সামনে তুলে ধরতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন আয়োজকেরা।

অন্যদিকে, শিল্পা রাওয়ের সঙ্গে মঞ্চে ঘটে যাওয়া আচরণের প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকার সঙ্গে মঞ্চে যা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয়। শিল্পীদের সঙ্গে এ ধরনের আচরণ বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

প্রয়োজনে শিল্পা রাওকে আইনি সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছে তারা। ঘটনাটি ঘিরে সংগীতাঙ্গনে শিল্পীদের সম্মান, মঞ্চ ব্যবস্থাপনা এবং অনুষ্ঠানসূচি সমন্বয়ের বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *