মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে সকল সরকারি, বেসরকারি, আধা—সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে নবম পে—স্কেল ঘোষণার দাবিতে কর্মবিরতি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০ ঘটিকায় কর্মসূচির ৪র্থ দিনে উপজেলার সকল সরকারি, আধা—সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা—কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
আন্দোলনকারী নেতারা জানান, গত ৭ বছর ধরে তারা বেতন কমিশনের দাবি জানিয়ে আসছেন। গত বছরের ৫ ডিসেম্বরের বিশাল সমাবেশের পর সরকার ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস দিলেও দেড় মাস পার হয়ে গেছে। গত ২১ জানুয়ারি প্রতিবেদন জমা হওয়ার পর নতুন কমিটি গঠনের মাধ্যমে কালক্ষেপণ করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। এছাড়া সরকারের একজন উপদেষ্টার সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যে কর্মচারীদের মধ্যে তীব্র হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে।
তারা আরও বলেন, স্বল্প বেতনে পরিবার নিয়ে থাকা, বাসাভাড়া, সন্তানদের শিক্ষাব্যয় ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির চাপ সামলানো দিন দিন কঠিন হয়ে উঠছে। অন্যদিকে পে—স্কেলের কথা উঠলেই নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এমতাবস্থায় আমাদের সমস্যার কথা বিবেচনা করে উপদেষ্টা পরিষদ এই পে—স্কেলের প্রজ্ঞাপন বাস্তবায়ন করবেন বলে আমরা প্রত্যাশা করছি।