মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। রবিবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের সদস্য এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মশিউর রহমান খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার এবং পরিসংখ্যান কর্মকর্তা মো. হায়দার আলী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ইনসিডিন বাংলাদেশ-এর উপজেলা কো-অর্ডিনেটর মো. মঈন খান, কমিউনিটি অর্গানাইজার সৈয়দ মারুফুল ইসলাম, উপজেলা মহিলা দলের সদস্য সচিব নিলুফা ইয়াসমিন লেলি, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং নারী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা ও ক্ষমতায়নের মাধ্যমে নারীর মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।