মোল্লাহাটে সরকারি খালে পাকা দোকান ও অবৈধ সার বিক্রির অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সোনাপুরা এলাকায় সরকারি খালের ওপর পাকা দোকানঘর নির্মাণ এবং লাইসেন্স ছাড়া রাসায়নিক সার বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় শফিক ফকিরের বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার সোনাপুরা গ্রামের তহম আলী ফকিরের ছেলে শফিক ফকির দীর্ঘদিন ধরে সোনাপুরা খেয়াঘাট এলাকায় মুদি ব্যবসা পরিচালনা করছেন। একই ঘরে মুদি পণ্য, সবজি, রাসায়নিক সার ও কীটনাশক বিক্রি করছেন তিনি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কীটনাশকের লাইসেন্স থাকলেও সারের কোনো বৈধ লাইসেন্স তাঁর নেই। তবুও তিনি নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে সার বিক্রি করে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি তিনি সরকারি খালের ওপর পাকা দোকানঘর নির্মাণ করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে শফিক ফকির স্বীকার করেন যে, তাঁর সারের লাইসেন্স নেই। তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।

মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি খাল উদ্ধার ও কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *