নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সাতকানিয়ায় ৪ ভাইয়ের টাকায় ক্রয় করা জায়গা-জমি, দোকানপাট ও কমিউনিটি সেন্টার নিজের নামে দলিল সম্পাদন করে আত্মসাতের অভিযোগ উঠেছে এক ভাইয়ের বিরুদ্ধে।
এ ঘটনায় সন্ধ্যায় উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী ফরিদুল আলম অভিযোগ করে বলেন, তিনি এবং তার ভাই মো. আলমগীর, জহিরুল আলম ও মনজুর আলম সৌদি আরবে দীর্ঘদিন ধরে যৌথ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সেখান থেকে অর্জিত অর্থ দিয়ে দেশে জায়গা-জমি, দোকানপাট ও কমিউনিটি সেন্টার নির্মাণের জন্য মো. আলমগীরকে দায়িত্ব দেন তারা। কিন্তু আলমগীর সবকিছু তার নিজের নামে ক্রয় করে দলিল সম্পাদন করে অন্য ভাইদের সঙ্গে প্রতারণা করেছেন। এছাড়াও সৌদি আরবের যৌথ ব্যবসা প্রতিষ্ঠানও দখলে নেন তিনি। সেটা বিভিন্নভাবে সমাধানের চেষ্টা করেও সম্ভব হয়নি। এ ব্যাপারে ২০ লক্ষ সৌদি রিয়ালের অভিযোগ সৌদি কনসাল জেনারেলের কাছে রয়েছে।
পরবর্তীতে সব ভাই দেশে এসে তার কাছ থেকে এসবের হিসাব চাইলে তিনি তার মা ও ভাইদের মারধর করেন। এছাড়া প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে জহিরুল আলম, মনজুর আলম ও তাদের মা এবং বোনেরা উপস্থিত ছিলেন।