যৌথ বাহিনীর অভিযানে ফতুল্লায় দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৪ জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

অদ্য ২৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক ২টা ৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব-১১, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ফতুল্লা মডেল থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি ফতুল্লা থানাধীন ১৫১ কলেজ রোড, গলাচিপা এলাকার নতুন মসজিদ সংলগ্ন জনৈক মিজানের দ্বিতীয় তলা বাড়ির দ্বিতীয় তলার উত্তর-পশ্চিম কোণের একটি কক্ষে পরিচালিত হয়।

অভিযানকালে ওই কক্ষ থেকে ১১৭ পিস অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজা, একটি দেশীয় তৈরি চাপাতি, একটি সবুজ কাপড়ে মোড়ানো তৈরি চাপাতি, একটি চাকু এবং দুটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। এ সময় দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ চারজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মোঃ আলী আহম্মদ অভি (২৮),
২) মোঃ আদর আহাম্মেদ (২৫), উভয়ের ঠিকানা: ১৫১ কলেজ রোড, গলাচিপা, ফতুল্লা;
৩) মোঃ আল আমিন (২৫), সাং-মাসদাইর বাজার, ফতুল্লা;
৪) এমদাদুল হক (২৬), ভাসমান, এ/পি মাসদাইর বাজার, চশমার বাড়ির ভাড়াটিয়া, ফতুল্লা।

গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও ১২ জন পলাতক দুষ্কৃতিকারীর নাম শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— জাহিদ, রিপন ওরফে গিট্টু রিপন, মাসুদ ওরফে বাইট্টা মাসুদ, রনি, চক্ষু হৃদয়, সেলিম, রিয়াদ ওরফে রাজন, সায়েমসহ অজ্ঞাত আরও ১০–১২ জন।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *