কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের অনলাইন সংবাদমাধ্যম newsvision.com-এর প্রকাশক ও সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট রফিকুল ইসলামের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র, অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্ট কক্সবাজার জেলা শাখা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সংগঠনের আহ্বায়ক দিদারুল ইসলাম ফাজল ও সদস্য সচিব হাফিজুর রহমান খান স্বাক্ষরিত এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, newsvision.com-এ প্রকাশিত বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট ও অনুসন্ধানমূলক সংবাদের জেরে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অ্যাডভোকেট রফিকুল ইসলামকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। একই সঙ্গে তাকে হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এছাড়া প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে আইনজীবীদের মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছে সংগঠনটি।
প্রতিবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অধিকার সংবিধান ও আইনে স্বীকৃত। কোনো সংবাদের বিষয়ে আপত্তি থাকলে প্রচলিত আইনের মাধ্যমে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। তবে হুমকি, ভয়ভীতি, অপপ্রচার ও হয়রানিমূলক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।
সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক ও সংবাদমাধ্যমের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য।
একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার এবং সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে।