ক্রীড়া প্রতিবেদক:
বাংলা নববর্ষ উপলক্ষে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর পল্টন ময়দানে দিনব্যাপী অনুষ্ঠিত হবে কিউট বৈশাখী ক্রীড়া উৎসব ১৪৩৩। রোববার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল ইভেন্টটি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।
মঙ্গলবার সকালে পল্টন ময়দানে এই উৎসবের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। দিনব্যাপী প্রতিযোগিতার পর বিকেলে সমাপনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সচিব মো. মাহবুব-উল-আলম। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসানসহ মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উৎসবে মোট ১০টি ভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হলো: আর্চারি, কাবাডি, ভলিবল, কুস্তি, সেপাক টাকরো, খো খো, কান্ট্রি গেমস (গ্রামীণ খেলা), লাঠি খেলা, বলি খেলা ও প্যারা ইভেন্ট (বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য)। এবারের উৎসবে মোট ২৫০ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করবেন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) উৎসবের যাবতীয় খরচ বহন করছে। গ্রামীণ এই উৎসবের ঐতিহ্য রক্ষায় অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়কে বিশেষ মেডেল প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।