বিনোদন ডেস্ক:
নিতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী সাই পল্লবী। ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি রাবণকে নিয়ে তাঁর একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের লালগালিচায় সাই পল্লবী ‘রামায়ণ’ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। তাঁর মতে, ভারতীয় সংস্কৃতি ও মহাকাব্য সম্পর্কে আগ্রহীদের জন্য ছবিটি বিশেষ গুরুত্ব বহন করে। সিনেমাটির নির্মাণ ও দৃশ্যায়ন নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।
রাবণ চরিত্র প্রসঙ্গে সাই পল্লবী বলেন, ‘রাবণ আসলে খুব খারাপ নন। আমাদের প্রত্যেকের মধ্যেই রাবণ রয়েছে। তাকে চিনতে পারা জরুরি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের ভুল শুধরে নেওয়াও প্রয়োজন।’
অভিনেত্রীর মতে, মহাকাব্য থেকে শিক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ। নিজের ভেতরের ভালো-মন্দ দিকগুলো চিহ্নিত করে আত্মসমীক্ষার মাধ্যমে নিজেকে সংশোধন করা উচিত। তাঁর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা।
কেউ কেউ মন্তব্যটিকে রাবণের প্রতি সহানুভূতি হিসেবে দেখছেন। এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, একজন নারী কীভাবে নারী অপহরণকারীর প্রশংসা করতে পারেন। অন্যদিকে, অনেকে সাই পল্লবীর বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের মতে, রাবণের পাণ্ডিত্য, সংগীতজ্ঞান ও শিবভক্তির মতো দিকগুলোর পাশাপাশি তাঁর অহংকার ও কামনার পরিণতিও আলোচনায় থাকা উচিত।
অভিনেত্রীর এক অনুরাগীর মতে, সাই পল্লবী মূলত মানুষের ভেতরের অশুভ প্রবণতা চেনা এবং তা জয় করার বার্তাই দিয়েছেন।
উল্লেখ্য, নিতেশ তিওয়ারী পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় রামচন্দ্রের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করছেন।