নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রযুক্তিনির্ভর অর্থনীতিকে এগিয়ে নেওয়া এবং ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, ৫ নভেম্বর সকাল ১০টায় সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ সামিটের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার সম্মতি পাওয়া গেছে বলে জানান তিনি।
সামিটের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আগামী দিনের অর্থনীতির জন্য এআই-করণ’। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার, ব্যবসায়িক উদ্ভাবন এবং অর্থনৈতিক রূপান্তরের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, বিশ্ব বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লবের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এ সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় সক্ষমতা বৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। জ্ঞানভিত্তিক, প্রতিযোগিতামূলক ও উন্নত জাতি গঠনের লক্ষ্যেই এ সামিটের আয়োজন করা হচ্ছে।
তিনি আরও বলেন, উৎপাদনশিল্প থেকে আর্থিক খাত—ব্যবসার প্রতিটি ক্ষেত্রে এআই প্রযুক্তির সফল প্রয়োগ উৎপাদনশীলতা ও কার্যক্রমের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার, গবেষক, শিক্ষাবিদ ও উদ্ভাবকদের একই প্ল্যাটফর্মে এনে দেশব্যাপী সমন্বিত এআই ইকোসিস্টেম গড়ে তোলাও এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
সামিটে তিনটি বিষয়ভিত্তিক অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশনে এআই বিপ্লবের গতিপথ, বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ এবং অর্থনৈতিক রূপান্তরে নীতি, দক্ষতা ও অবকাঠামোগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় অধিবেশনে ব্যবসায়িক উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে অংশীদারত্ব ও সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে।
এ ছাড়া বিকেল ৩টায় তৃতীয় অধিবেশনে ‘ডিজিটাল সহকর্মী’ হিসেবে এআই এজেন্টের ভূমিকা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি স্থানীয় বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে অর্ডার প্রক্রিয়াকরণ ও লেনদেন সমন্বয়ের মতো বাস্তব সমস্যার সমাধানে এআইয়ের ব্যবহার তুলে ধরা হবে।
আয়োজকদের প্রত্যাশা, সামিটে দেশের করপোরেট খাতের শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী, দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ সহস্রাধিক প্রতিনিধি অংশ নেবেন। এ ছাড়া দেড় শতাধিক স্টার্টআপ ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী পণ্য, সেবা, ধারণা ও প্রকল্প প্রদর্শনের সুযোগ পাবে।
মন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডিসিসিআইয়ের যৌথ এ উদ্যোগ দেশের ব্যবসা-বাণিজ্যে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও জোরদারে ভূমিকা রাখবে।