রূপগঞ্জের ভুলতায় ফিলিং স্টেশনে বাইকারদের দীর্ঘ লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় মিলছে মাত্র ২০০ টাকার তেল

মনিরুল ইসলাম:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছি এলাকায় অবস্থিত মেসার্স ভুলতা ফিলিং স্টেশন-এ তেল নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন বাইকাররা। প্রতিদিন সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল নিয়ে চালকরা লাইনে দাঁড়িয়ে থাকছেন, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা পাচ্ছেন সীমিত পরিমাণ তেল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনটিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় কর্তৃপক্ষ প্রতিটি মোটরসাইকেলকে মাত্র ২০০ টাকার তেল দিচ্ছে। ফলে প্রয়োজনের তুলনায় অনেক কম তেল পেয়ে বিপাকে পড়ছেন বাইকাররা। কেউ কেউ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও দুপুর গড়িয়ে যাওয়ার পর তেল পাচ্ছেন।

ভুক্তভোগী কয়েকজন বাইকার জানান, “কাজের প্রয়োজনে প্রতিদিনই বাইক নিয়ে বের হতে হয়। কিন্তু এভাবে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে মাত্র ২০০ টাকার তেল পেলে চলাচল করা কঠিন হয়ে পড়ে।” অনেকেই অভিযোগ করেন, তেলের সংকটের কারণে তাদের পেশাগত ও ব্যক্তিগত কাজে বিঘ্ন ঘটছে।

এদিকে দীর্ঘ লাইনের কারণে এলাকায় যানজটেরও সৃষ্টি হচ্ছে। রাস্তার একপাশজুড়ে মোটরসাইকেলের সারি থাকায় সাধারণ যানবাহন চলাচলে বিঘ্ন দেখা দিচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের দাবি, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ ধরনের ভোগান্তি দূর করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই পারে এই সমস্যা সমাধান করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *