লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার নবাব সলিমুল্লাহ রোডের আমলাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীনভাবে কিছু ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম। এ সময় “পপুলার মেডিকেল সার্ভিসেস” এবং “মিতু ক্লিনিক” নামের দুটি প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান, অতিরিক্ত মূল্য আদায়, এবং পর্যাপ্ত দক্ষ ডাক্তার ও টেকনিশিয়ানের অভাবসহ নানা অনিয়মে জড়িত ছিল বলে অভিযানে উল্লেখ করা হয়।

এসব অপরাধের কারণে সংশ্লিষ্ট আইনের আওতায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে কঠোর সতর্কবার্তা দেওয়া হয় এবং প্রয়োজনীয় লাইসেন্স ও স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

অভিযান চলাকালে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ ও র‍্যাব সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। অভিযান শেষে সহকারী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম জানান, জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নির্দেশনায় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম, অব্যবস্থাপনা ও ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় সচেতন মহল এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, লাইসেন্সবিহীন ও অপ্রশিক্ষিত প্রতিষ্ঠানের কারণে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে এবং স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। তারা নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *