লামায় জাতীয় যুব দিবস উদযাপন র‍্যালি আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ

স্টাফ রিপোর্টার:

‘দক্ষ যুব গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে লামা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলী হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম এবং লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ করিম (এলএলবি)।

দিবসের কর্মসূচির শুরুতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক পরিবর্তনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের শুধু প্রথাগত শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না; সময়োপযোগী ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষ, কর্মমুখী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে বেকারত্ব দূরীকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঋণের অর্থ অপচয় না করে যথাযথভাবে উৎপাদনশীল খাতে বিনিয়োগের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে যুবকদের প্রতি আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও আত্মকর্মসংস্থানে আগ্রহী যোগ্য যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণ সহায়তা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক যুবক-যুবতী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *