নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিশ্বের কাছে স্পষ্ট বার্তা দিচ্ছে—দেশটি বাণিজ্যের জন্য উন্মুক্ত এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে কাজ করতে প্রস্তুত। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ ই ক্রিস্টিয়ান ব্রিকস মুলার।
রোববার (৩০ আগস্ট) পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন (গ্রাউন্ড ব্রেকিং) অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেনিশ রাষ্ট্রদূত বলেন, লালদিয়া টার্মিনাল নির্মাণের উদ্যোগ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রকল্পটির পেছনে দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা ও প্রস্তুতি রয়েছে। ডেনমার্কের পক্ষ থেকে এটিকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে।
তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা, পেশাদারিত্ব, পারস্পরিক আস্থা ও অংশীদারত্বের মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বিভিন্ন অংশের প্রতিনিধিদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ এবং প্রকল্পের প্রতি তাদের ধারাবাহিক সম্পৃক্ততার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ক্রিস্টিয়ান ব্রিকস মুলার আরও বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সরকারের ব্যাপক সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর পাশাপাশি গণতন্ত্র, সংলাপ ও নীতিগত পরামর্শের প্রতি অঙ্গীকারও প্রয়োজন। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও এসব বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, প্রস্তুতি, পরিবর্তন, সংলাপ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী ডেনমার্ক। প্রয়োজনীয় প্রক্রিয়া ও ব্যবস্থাগুলো যথাযথভাবে মূল্যায়নের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো হবে।
ডেনিশ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছে—দেশটি বাণিজ্যের জন্য উন্মুক্ত এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে কাজ করতে প্রস্তুত।
তিনি বলেন, লালদিয়া টার্মিনালের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিবর্তনকে আরও শক্তিশালী করা এবং উন্নয়ন প্রকল্পগুলোর গতি বজায় রাখা সম্ভব হবে। এসব উদ্যোগের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।