লিবিয়া থেকে অনিয়মিত অবস্থায় থাকা আরও ১৭০ বাংলাদেশির প্রত্যাবাসন

স্বাধীন সংবাদ ডেস্ক: 

লিবিয়ায় আটক ও অনিয়মিতভাবে অবস্থান করা আরও ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সমন্বিত উদ্যোগে তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বুরাক এয়ারের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রত্যাবাসিতদের বেশিরভাগই মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে অনেকে অপহরণ, জিম্মি, চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনের শিকার হন বলেও তথ্য পাওয়া গেছে।

ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এসময় বিদেশগমনেচ্ছুদের সচেতন করতে এবং মানবপাচার মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয় প্রত্যাবাসিতদের প্রতি।

প্রত্যাবাসনের পর আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে পথ খরচ, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের দেশে নিরাপদে ফেরাতে দীর্ঘদিন ধরে দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম যৌথভাবে কাজ করছে। এর অংশ হিসেবেই সাম্প্রতিক সময়ে শতাধিক বাংলাদেশিকে দেশে আনা হয়েছে, আর এই ১৭০ জনের প্রত্যাবর্তন সেই ধারাবাহিক উদ্যোগেরই সর্বশেষ সাফল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *