এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাটে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে শুরু হলো ক্যাশলেস ব্যাংকিং সুবিধা। “লেনদেন হবে এবার ক্যাশলেসে” শিরোনামে আয়োজিত ডিজিটাল ক্যাম্পেইনটি আজ ১৬ ফেব্রুয়ারি, সোমবার দুপুর ২টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয় বারইয়ারহাটের আবু ওসামা মার্কেট প্রাঙ্গণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক বারইয়ারহাট শাখার ব্যবস্থাপক ফারুক হুসাইন মাহমুদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এন আলম রাসেল চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মাহফুজুল আলম, বারইয়ারহাট বাজার কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর, সেক্রেটারি ওমর ফারুক এবং পূবালী ব্যাংক বারইয়ারহাট শাখার কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার অংশ হিসেবে ক্যাশলেস লেনদেন সময়োপযোগী ও নিরাপদ একটি উদ্যোগ। ডিজিটাল পদ্ধতিতে অর্থ লেনদেনের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, সহজ ও ঝুঁকিমুক্ত সেবা পাবেন। সাধারণ জনগণের উপকারের কথা বিবেচনা করেই এ ক্যাশলেস ব্যাংকিং সুবিধার শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান মেহমান সাংবাদিক এন আলম রাসেল চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান দেশের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতে ডিজিটাল রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ব্যাংকের লেনদেন ব্যবস্থা যেমন উন্নত হচ্ছে, তেমনি পূবালী ব্যাংকও গ্রাহকদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করে আসছে। তিনি এলাকাবাসী ও ব্যাংকিং গ্রাহকদের ক্যাশলেস সেবা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই মিলে পূবালী ব্যাংকের ক্যাশলেস সুবিধা গ্রহণ করি এবং নিরাপদ লেনদেনের মাধ্যমে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হই।”
অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।