আন্তর্জাতিক ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীরের সঙ্গে কালো কাপড়ের বেল্টে পেঁচিয়ে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণ বহনের অভিযোগে মালয়েশিয়ান এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস।
রোববার (৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কাস্টমস হাউস, ঢাকা।
কাস্টমসের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ান এয়ারলাইনসের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী এমএইচ-০১৯৬ ফ্লাইটে যাত্রী ইয়াং ডন সিউ (৪৩) ঢাকায় পৌঁছান। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে অবতরণের পর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়।
ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করা হয়। পরে গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তার শরীরে তল্লাশি চালানো হলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার শরীর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস জানায়, উদ্ধার হওয়া স্বর্ণের মধ্যে চারটি এক কেজি ওজনের এবং পাঁচটি ১০০ গ্রাম ওজনের বার রয়েছে। মোট ৯টি স্বর্ণবারের ওজন ৪ দশমিক ৫ কেজি। স্বর্ণবারগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট।
স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় কালো কাপড়ের বেল্টে পেঁচানো ছিল। পরে সেগুলো ওই যাত্রীর শার্টের নিচে লুকানো অবস্থায় পাওয়া যায়।
কাস্টমসের দাবি, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা করেননি। স্বর্ণ বহনের ক্ষেত্রেও তিনি কোনো বৈধ নথি বা দলিল দেখাতে পারেননি।
এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ এবং ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারায় স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। একই সঙ্গে যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা করার প্রক্রিয়া চলছে।
কাস্টমস হাউস, ঢাকা জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।