শর্তসাপেক্ষে ইরাকে ডলার পাঠাতে সম্মত যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

মাস কয়েক বন্ধ থাকার পর ইরাকে আবারও নগদ ডলার পাঠাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ইরাকি সরকার। তবে নতুন করে ডলার সরবরাহের ক্ষেত্রে কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরাকের সরকারি বার্তা সংস্থা ইরাকি নিউজ এজেন্সিকে এ তথ্য জানান দেশটির সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি।

গত এপ্রিলে ইরাকে নগদ ডলার পাঠানো স্থগিত করে যুক্তরাষ্ট্র। সে সময় প্রায় ৫০ কোটি ডলারের একটি চালান আটকে দেওয়া হয়। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রভাব কমাতে বাগদাদের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরাকি সরকারের মুখপাত্র জানান, কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হওয়ার পর নতুন চালান পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জায়েদির যুক্তরাষ্ট্র সফরের সময় এ সমঝোতা হয়। আগামী কয়েক দিনের মধ্যে ডলারের নতুন চালান ইরাকে পৌঁছাতে পারে।

তবে চালানটির পরিমাণ বা নির্দিষ্ট সরবরাহের তারিখ জানাননি আল-আবুদি। তিনি বলেন, নতুন এই ডলার সরবরাহ দেশের অভ্যন্তরীণ বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে সহায়তা করবে।

আল-আবুদি আরও জানান, ডলার বিতরণে নজরদারি জোরদার, বৈদেশিক মুদ্রার অপব্যবহার কমানো এবং ইলেকট্রনিক পেমেন্টের ব্যবহার বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়েছে। ইরাক ধীরে ধীরে ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরাকের অর্থনীতিতে নগদ লেনদেনের ওপর নির্ভরতা বেশি। এ কারণে দেশটির জন্য নগদ ডলার সরবরাহ গুরুত্বপূর্ণ। ইরাকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের একটি হিসাবে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *