স্পোর্টস ডেস্ক:
ফুটবল মাঠে নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে মাঠের বাইরেও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে চলেছেন তিনি। এবার শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য একটি বিশেষায়িত কেন্দ্র নির্মাণ প্রকল্পে নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন মেসি। তার এই অনুদান দেওয়া হয়েছে এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার নির্মাণ প্রকল্পে।
প্রায় ৩ কোটি ইউরো ব্যয়ে নির্মিত হতে যাওয়া বিশেষায়িত এই চিকিৎসাকেন্দ্রটির আয়তন ৫ হাজার ১৩৭ বর্গমিটার। কেন্দ্রটি চালু হলে প্রতি বছর আনুমানিক ৪০০ শিশুকে চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ তৈরি হবে। শিশুদের ক্যানসার চিকিৎসায় প্রয়োজনীয় বিভিন্ন সেবা একই ছাদের নিচে নিয়ে আসাই এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য।
বিশেষায়িত কেন্দ্রটিতে আক্রান্ত শিশুদের পাশাপাশি তাদের পরিবারের জন্যও প্রয়োজনীয় চিকিৎসা ও যত্নের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এর ফলে ক্যানসারে আক্রান্ত শিশুদের চিকিৎসার বিভিন্ন ধাপ আরও সমন্বিতভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।
এই প্রকল্প বাস্তবায়নে শুধু মেসি ফাউন্ডেশনই নয়, বিভিন্ন প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগও যুক্ত রয়েছে। সম্মিলিত অর্থায়নের মাধ্যমে শিশুদের জন্য বিশেষায়িত এই চিকিৎসাকেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
মেসির দাতব্য কার্যক্রম অবশ্য শুধু ক্যানসার চিকিৎসায় সীমাবদ্ধ নয়। শিক্ষা, খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগেও দীর্ঘদিন ধরে কাজ করছে মেসি ফাউন্ডেশন। শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় সহায়তার পাশাপাশি মেসির জন্মশহর রোজারিওর একটি হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগও রয়েছে সংস্থাটির।
শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়েও কাজ করছে মেসি ফাউন্ডেশন। মোজাম্বিকে শিশুদের অপুষ্টি দূরীকরণেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন এবং তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার আওতায় আনতে স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
খেলাধুলাকেও সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করে মেসি ফাউন্ডেশন। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সচেতনতামূলক কার্যক্রম এবং প্রশিক্ষণের আয়োজন করা হয়। খেলাধুলার মাধ্যমে শিশু ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করার পাশাপাশি তাদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশ তৈরিতেও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশে খেলার মাঠ সংস্কার এবং নতুন মাঠ নির্মাণেও ভূমিকা রাখছে মেসি ফাউন্ডেশন। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় বিদ্যালয় ও বিভিন্ন এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে।
ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মানবিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগে অবদান রাখার ক্ষেত্রে মেসির ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শিশুদের ক্যানসার চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ খাতে এবার ২৬ লাখ ইউরোর অনুদান সেই মানবিক কার্যক্রমেরই আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ।