মেহেদী হাসান:
গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক দুবাই প্রবাসীর বাড়িতে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় বাধা দিতে গেলে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা ও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১০:৩০ মিনিটে বরমী ইউনিয়নের লাকচতল গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী তাহমিনার স্বামী রুবেল মৃধা বর্তমানে দুবাই প্রবাসী। বাড়িতে তাহমিনা তার শ্বশুর মতিন মৃধা ও শাশুড়ি জরিনা খাতুনের সাথে বসবাস করেন।
অভিযোগ অনুযায়ী, জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী সোহেল মৃধা, কাজল মৃধা, ফয়সাল মৃধা ও সিফাতসহ অজ্ঞাতনামা ৬-৭ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়।
হামলাকারীরা কেবল মারধরই করেনি, বরং পরিকল্পিতভাবে লুটপাট ও শ্লীলতাহানি চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে:
-
আহত: তাহমিনা এবং তার শ্বশুর-শাশুড়িকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়।
-
লুটপাট: ১নং বিবাদী সোহেল মৃধা ভুক্তভোগীর গলা থেকে আনুমানিক ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
-
হত্যাচেষ্টা ও শ্লীলতাহানি: চেইন ছিনিয়ে নেওয়ার পর সোহেল মৃধা গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। ২নং বিবাদী কাজল মৃধা ওই গৃহবধূর শ্লীলতাহানি করে। এছাড়া অন্যান্যরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে।
আহতদের মধ্যে প্রবাসীর মা জরিনা খাতুনকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা মোছাঃ লাইলী আক্তার বাদী হয়ে শ্রীপুর থানায় চারজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীপুর থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবার জানায়, “আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”