নিজস্ব প্রতিবেদক:
সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি গঠন সংস্কারের উল্টো পথে যাত্রা এবং সংস্কারকে ব্যর্থ করে দেওয়ার শামিল। তাই এই কমিটি বিলুপ্ত করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে দলটি।
শনিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আখতার হোসেন। তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে প্রতারণা করে দীর্ঘদিন কোনো কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও জনগণের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ সফল হবে না বলে মন্তব্য করেন তিনি।
আখতার হোসেন বলেন, সংবিধান সংশোধনের জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তা একদলীয়। এই কমিটি গণভোটের রায়ের সঙ্গে প্রতারণার শামিল এবং এর মাধ্যমে সাংবিধানিক সংকটের সমাধান হবে না। বরং সংস্কারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, সরকারকে আবারও আহ্বান জানানো হচ্ছে, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশের সাংবিধানিক কাঠামোয় পরিবর্তন এনে গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
‘জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করছে বিএনপি’
বিএনপির সমালোচনা করে এনসিপির সদস্যসচিব বলেন, ১৯৯০ সালে তিন জোটের রূপরেখা তৈরি হওয়ার পর বিএনপি ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করতে চায়নি। তাঁর অভিযোগ, একইভাবে বর্তমান সরকার জুলাইয়ের সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে চায় না।
আখতার হোসেন বলেন, সরকার সংস্কার বাস্তবায়নের কথা বললেও বাস্তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পেছনে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাঁর ভাষায়, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলে বিএনপি জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে। সংস্কারের বিভিন্ন ধাপ অতিক্রম করার পর অর্জিত বিষয়গুলো থেকে পিছিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরের বর্ষপূর্তিতে এনসিপির পক্ষ থেকে সরকারের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে—গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সাংবিধানিক কাঠামোয় পরিবর্তন না এলে জনগণই এর প্রতিকার করবে বলে মন্তব্য করেন তিনি।
বিরোধী আন্দোলনের হুঁশিয়ারি এনসিপি নেতার
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার বলেন, একজন ব্যক্তির অভিলাষ পূরণের জন্য সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। তাঁর অভিযোগ, এই কমিটি জাতির সঙ্গে প্রতারণা এবং নিজেদের সঙ্গেও আত্মপ্রতারণার শামিল।
বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনৈতিক কাঠামো টিকিয়ে রাখার অভিযোগ তুলে সারোয়ার তুষার বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। আগামী নির্বাচন নিজেদের পক্ষে নেওয়ার উদ্দেশ্যেও এমন অবস্থান নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান। তা না হলে বিরোধী দলের আন্দোলন গণ-আন্দোলনে রূপ নিতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহউদ্দিন সিফাত সঞ্চালনা করেন। এ সময় দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।